ঢাকা, বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

রাজধানীর মিরপুরে বেড়িবাঁধে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

রাজধানীর মিরপুরে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে। নিহতদের দুজন পুরুষ ও দুজন নারী। বুধবার (৪ নভেম্বর) সকালে বেড়িবাঁধ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৭টার দিকে নবাবেরবাগ উত্তরপাড়া এলাকার সড়কে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার কবলে পড়া বাসটি এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের নিজস্ব পরিবহন। ঘটনাস্থল শাহ আলী থানার আওতাধীন।


ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম চারজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে কল্যাণপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালায়।


পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, নিহত চারজনই অটোরিকশার যাত্রী ছিলেন। দুর্ঘটনায় আর কেউ আহত হননি বলে পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন। তবে সকাল পর্যন্ত নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তাঁদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।


উদ্ধারের পর চারজনের মরদেহ শাহ আলী থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম মরদেহ বুঝে নিয়েছেন। ময়নাতদন্তের জন্য সেগুলো শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑